অনিয়মের প্রমাণ পাওয়ায় সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে সংশোধনের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নবায়ন না থাকার বিষয়টি ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে লাইসেন্স নবায়নের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।
পরে নিউ গ্রামীণ হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে হাসপাতালটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের মান উন্নয়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।