বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী সুমন হোসেন মৃধার পথ আটকে হামলা চালান দুর্বৃত্তরা। তাঁকে ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান হামলাকারীরা।এ ঘটনায় পরদিন, ১৮ অক্টোবর, সুমন মৃধা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার গণী শরীফের ছেলে আফজাল হোসেন (৫০), মনজুরুল আলম মুন্নার ছেলে লিটন হাওলাদার (৩০), মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে আবুল কালাম (৩৮), সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার আবুল খায়ের মৃধার ছেলে চান মিয়া (২৯) এবং মজিবর হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৪)।

এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।রাজাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, এসআরবির সহায়তায় এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে তাঁদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর