সেবাপ্রত্যাশীকে চড় মারার ঘটনার আলোচনা শেষ হতে না হতেই এবার সরকারি ওয়েবসাইটের তথ্যের গরমিল নিয়ে সমালোচনার মুখে পড়েছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। অফিসটির সরকারি ওয়েবসাইটে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে ডেটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক ও পরিচ্ছন্নতাকর্মীসহ একাধিক কর্মীর নামের পাশে একই মোবাইল নম্বর দেওয়া রয়েছে।
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের সরকারি ওয়েবসাইটের কর্মকর্তা-কর্মচারীদের তথ্যের পাতায় এসব অসংগতি দেখা গেছে। সেখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, ডেটা এন্ট্রি অপারেটর মো. মহসিন আহমেদ ও মো. হাসান আহমদ, গাড়িচালক মিলাত হোসেন এবং পরিচ্ছন্নতাকর্মী সায়েম আহমদের যোগাযোগের নম্বর হিসেবে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে।
ওয়েবসাইটের তথ্যের ক্ষেত্রে শুধু মোবাইল নম্বরেই গরমিল নেই। তালিকায় থাকা অনেক কর্মীর অফিস ও বাসার টেলিফোন নম্বরের ঘরও ফাঁকা রাখা হয়েছে। পাশাপাশি কিছু ই-মেইল ঠিকানাতেও অসংগতি দেখা গেছে। উদাহরণ হিসেবে ডেটা এন্ট্রি অপারেটর মো. মহসিন আহমেদের ই-মেইল ঠিকানা হিসেবে [email protected] দেওয়া হয়েছে। আবার অন্য একজন কর্মীর ক্ষেত্রে ব্যক্তিগত জিমেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে।
ওয়েবসাইটে কর্মকর্তাদের তথ্যের সাথে ‘ভিজিট কার্ড ডাউনলোড করুন’ ও ‘দেখুন’ অপশনও রাখা হয়েছে। ফলে নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ একটি সেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য নিতে গিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তে পারেন। বিশেষ করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদের যোগাযোগের জায়গায় অন্য কর্মচারীদের একই নম্বর দেওয়ায় সরকারি তথ্য ব্যবস্থাপনার মান নিয়েও প্রশ্ন উঠেছে।
এর আগে সেবা নিতে আসা এক ব্যক্তিকে চড় মারার ঘটনা নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের সেবা, কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা হয়। এর মধ্যেই ওয়েবসাইটের তথ্যের এমন অসংগতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সেবাপ্রত্যাশীদের মতে, নির্বাচন অফিসের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানার মতো মৌলিক তথ্য নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। এসব তথ্য ভুল থাকলে প্রয়োজনের সময় সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন।এ বিষয়ে বক্তব্য জানতে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।