শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল

আন্তর্জাতিক ডেস্ক / ৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল

জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ২ কোটি ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিল। বৃহস্পতিবার তহবিলটির বোর্ড এ অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেয়। কোনো দেশের জন্য তহবিল থেকে অর্থ বরাদ্দের ঘটনা এটিই প্রথম। তহবিলটির বিশ্বাসযোগ্যতা প্রমাণের ক্ষেত্রে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

গত আগস্টে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ ও পাথরের বিশাল স্তূপ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় হিমালয়কন্যা নেপাল। সুনামির মতো আছড়ে পড়া ওই বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া ৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে নেপালের জন্য ২ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত নেয় তহবিলের বোর্ড। বোর্ডের কো-চেয়ার এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধি ক্যামিলা মিনার্ভা রদ্রিগেজ তাভারেজ এ সিদ্ধান্তকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। দ্রুত পদক্ষেপ নেওয়া এবং নেপালের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়ায় বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। তিনি বলেন, নেপালের চিঠির পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক আয়োজন এবং ২ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দেওয়া অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।তবে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত হলেও নেপাল এখনই এ অর্থ হাতে পাচ্ছে না। দেশটির পুনর্গঠনে সরকারের প্রাক্কলিত ব্যয় ৪৭৮ কোটি ডলার। সেই তুলনায় জাতিসংঘের তহবিল থেকে দেওয়া সহায়তার পরিমাণ ০.৫ শতাংশেরও কম।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার লক্ষ্যে গঠিত এ তহবিলের জন্য নেপালের ঘটনা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ভয়াবহ দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কত দ্রুত ও কার্যকরভাবে সহায়তা দেওয়া যায়, এ সিদ্ধান্তের মাধ্যমে সেই সক্ষমতাও যাচাই হবে।


এই বিভাগের আরো খবর