সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় অলিভ অয়েলসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ) রাতে এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টা ২৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) খোরশেদ আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল ডিউটিরত অবস্থায় ছিল। এসময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটি জব্দ করে এবং দুইজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন—সিলেটের গোয়াইনঘাট থানার সাইদুর রহমান (৩৬) এবং নেত্রকোনার মদন থানার আজাদ (৫৭)। আজাদ বর্তমানে সিলেটের শাহপরাণ (রহঃ) এলাকায় বসবাস করছেন।
আটককৃতদের তল্লাশি করে সিএনজি অটোরিকশার ভেতর থেকে ভারতীয় ‘Keo Karpin OLIVOYL’ ব্র্যান্ডের ৮০০ পিস (প্রতিটি ১০০ মিলি) এবং ২৫০ পিস (প্রতিটি ২০০ মিলি) অলিভ অয়েল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই তেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও (সিলেট-থ-১১-৯৯০৬) জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।