রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক / ১৭৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন তিনি।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ১০টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৯টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়। পথে পথে গাড়ির মধ্য থেকে বাইরের সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এ সময় কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগমও বক্তব্য রাখেন।

এরপরে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুপুর পর তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

প্রসঙ্গত, কৃষক কার্ড বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খালখনন কর্মসূচি চালু করেছে সরকার।


এই বিভাগের আরো খবর