রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী

জীবন-মৃত্যুর ব্যাপার। তাতেই প্রশ্নের মুখে পড়ে গেছে বিবাহিত জীবন। ভূমিকম্পের সময় নায়কোচিতভাবে বাঁচানোর চেষ্টা না করে দৌড়ে পালানোয় নিজ স্বামীকে ডিভোর্স দিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী।জানা যায়, স্বামীর এমন আচরণে হতবাক হয়ে যান ওই নারী। ঘটনাটি তার কাছে শুধু বিব্রতকরই ছিল না, বরং দাম্পত্য সম্পর্ক নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে তাকে। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনায় এসেছেন ওই নারী। ইভান অ্যালেক্সিস অলিভার নামের ওই নারী টিকটকার তার বিবাহবিচ্ছেদের পেছনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। আর তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।টিকটকে প্রকাশিত ভিডিওতে ওই নারী বলেন, একদিন আমরা একটি রেস্তোরাঁয় ছিলাম। এমন সময় ভূমিকম্প হয়। আশপাশে যারা ছিল তারা সবাই তাদের সঙ্গীকে উঠে দাঁড়াতে বা টেবিলের নিচে লুকোতে সাহায্য করছিল। আর আমার স্বামী টেবিল থেকে লাফিয়ে দৌড়ে পালায়।

তিনি আরও জানান, তার স্বামীর ধারণা ছিল তিনি (এই নারী) তাকে দেখতে পাননি। কিন্তু, রেস্তোরাঁয় তারা যেখানে বসে খাচ্ছিলেন তার স্বামী ঠিক তার উল্টোপাশেই গিয়ে লুকান। যদিও তাকে যে দেখা যাচ্ছিল তা তিনি বুঝতে পারেননি।ভিডিওতে তিনি উল্লেখ করেন, ভূমিকম্পে ওই সময় কেউ আহত হয়নি। তবে, দুঃখজনক ব্যাপার হলো তার অসহায়ত্ব দেখে রেস্তোরাঁয় যারা খাবার পরিবেশন করছিলেন তারাও দুঃখপ্রকাশ করেন। সেই নারীর স্বামীর এমন আচরণ রেস্তোরাঁর কর্মীর কাছেও অদ্ভুত মনে হয়েছিল। ওই নারী জানান, ভূমিকম্পের পর রেস্তোরাঁর একজন কর্মী তার কাছে এসে জিজ্ঞাসা করেন, তিনি ঠিক আছেন কি না। ভূমিকম্প শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তবে সবকিছু ঠিক আছে কি না, তা-ও জানতে চান ওই কর্মী।

জবাবে ওই নারী বলেন, সব ঠিক আছে। তখন কর্মীটি মন্তব্য করেন, ঘটনাটি বেশ অদ্ভুত ছিল। তার স্বামী তাকে ফেলে একাই চলে গেল যে। ওই নারী স্বীকার করেন, ঘটনাটি তার জন্য খুবই বিব্রতকর ছিল। তবে সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন, স্বামীর কাছে তার নিরাপত্তার গুরুত্ব কতটা কম।তিনি বলেন, ‘ঘটনাটি সত্যিই খুব অদ্ভুত ও বিব্রতকর ছিল। সে একবারও আমার কথা ভাবেনি। ভূমিকম্প হচ্ছে আর তুমি দৌড়ে পালিয়ে গেলে, আমি যেন তোমার কাছে একেবারেই গুরুত্বহীন! ব্যাপারটা অবিশ্বাস্য।’এদিকে ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে। পাশাপাশি ভিডিওটি দেখে অনেকেই নিজেদের বিবাহবিচ্ছেদের পেছনে থাকা এমন অভিজ্ঞতার কথা মন্তব্যের ঘরে জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘আমরা একবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি আমার পার্স খুঁজে পাচ্ছিলাম না। সে তখন কারও সঙ্গে কথা বলছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার পার্স দেখেছে কি না। সে বলল, হ্যাঁ, ওখানে আছে। আমি সেখান থেকে চলে আসার পর শুনতে পেলাম, সে বলছে—এতে (পার্স খোঁজার কাজে) অন্তত ও ব্যস্ত থাকবে।’

আরেক নারী লিখেছেন, ‘তোমার স্বামী এখন সাবেক—এটা জেনে ভালো লাগল। একবার আমাদের কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্রে অ্যালার্ম বেজে উঠেছিল। আমার সাবেক স্বামী আমাকে ধাক্কা দিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে পালিয়ে যায়। আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে বসার ঘরে দাঁড়িয়েই ছিলাম। পরে জানা যায়, সেটি ভুল সংকেত ছিল। তবে ওই ঘটনা আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল।’


এই বিভাগের আরো খবর