শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বাঘাইছড়িতে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির গুলি

মোঃ পাবেল আহমদ / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বাঘাইছড়িতে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির গুলি

রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে লাইট মেশিনগান (এলএমজি) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলি ছোড়ার পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ মারিশ্যা জোনের হেলিপ্যাডের আকাশে তিনটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার সাথে সাথে আশপাশের সব সীমান্ত পর্যবেক্ষণ চৌকিকে (বিওপি) সতর্ক করা হয়।

পরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এতে ড্রোনগুলো ভূপাতিত হয়নি। গুলির পরপরই সেগুলো দ্রুত দূরে সরে যায়।

মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সংশ্লিষ্টদের ধারণা, পাহাড়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অদৃশ্য শক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ঘটনার পর থেকে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর