বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ প্রবেশ করতে পারবে না: বিজিবি অধিনায়ক

ডেস্ক / ৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ প্রবেশ করতে পারবে না: বিজিবি অধিনায়ক

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিজিবির শিলডোয়া সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া কাদির জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাগুলোতেও বিভিন্ন ধরনের নৌযান এবং এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সমন্বিতভাবে কাজ করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ ঠেকাতে নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও।

বিজিবি অধিনায়ক জানান, চলতি বছর সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ছাড়া চোরাচালানি পণ্য উদ্ধারের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে বাধা দেওয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। এ ক্ষেত্রে তথ্য আদান-প্রদান ও যৌথ উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর