বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী ও কন্যাশিশুদের পাচারের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় বছরে পার্বত্য তিন জেলায় ৭৩০টিরও বেশি মানব পাচারের ঘটনা শনাক্ত ও নথিভুক্ত হয়েছে। এর মধ্যে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি ঘটনা রয়েছে; তবে সামাজিক কলঙ্ক, ভয় ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মানব পাচারবিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপিত ‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন: পার্বত্য চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধে আর্থ-সামাজিক চালিকাশক্তি এবং নীতিগত ঘাটতি’ শীর্ষক গবেষণাপত্রে এসব ভয়াবহ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, প্রতারণামূলক বিয়ে ও চাকরির ফাঁদ পেতে পাচারকারী চক্র পাহাড়ি নারী ও তরুণীদের লক্ষ্যবস্তু করছে। এ ক্ষেত্রে পরিচিতজনদের পাশাপাশি ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে এবং পাচারের উদ্দেশ্যে জন্মনিবন্ধন, নাম, বয়স ও অভিভাবকের তথ্য জালিয়াতির মতো অনিয়মেরও প্রমাণ মিলেছে।
গবেষণায় উল্লেখ করা হয়, দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, সীমিত শিক্ষা, লিঙ্গবৈষম্য ও প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতায় পাহাড়ি নারীরা পাচারের শিকার হচ্ছেন। বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নিয়ে যাওয়ার পর অনেক নারী গৃহস্থালি শ্রমে বাধ্য হওয়া, যৌন ও মানসিক নির্যাতন এবং ব্যক্তিস্বাধীনতা হারানোর মতো নির্মম পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের নারীদের চীনে পাচারের ঘটনা উদ্বেগজনক এবং সেখানে অবস্থানরত অনেক নারী বৈষম্য ও মানসিক যন্ত্রণায় রয়েছেন। পাচার রোধে সংশ্লিষ্ট আইনের যথাযথ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি। খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা জানান, মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা পরবর্তী সময়ে আপস-মীমাংসায় চলে যাওয়ায় অপরাধীরা আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে; বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে অনলাইনে সাক্ষ্য গ্রহণের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেওয়া তরুণীদের সচেতন হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ এবং কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা নারীদের কর্মসংস্থান, বিদেশি নাগরিকের সাথে বিয়ে নিবন্ধনে কড়াকড়ি যাচাই-বাছাই এবং ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।