বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

স্বপ্ন পূরণের পথে বিছনাকান্দি ইউনিয়নে নির্মিত হচ্ছে বেড়িবাঁধ ও সুইস গেট

জুবায়ের আহমদ সাব্বির, গোয়াইনঘাট প্রতিনিধি / ২০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
স্বপ্ন পূরণের পথে বিছনাকান্দি ইউনিয়নে নির্মিত হচ্ছে বেড়িবাঁধ ও সুইস গেট

স্বপ্ন পূরণের পথে বিছনাকান্দি ইউনিয়নে নির্মিত হচ্ছে বেড়িবাঁধ ও সুইস গেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে। এলাকার মানুষের দুর্ভোগ লাঘব, কৃষি জমি রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রস্তাবিত নির্মাণকাজের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন আহমেদ ও অভিজিৎ দেবনাথ।

বুধবার (২৫ নভেম্বর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও বর্তমান ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুবদল নেতা নুরুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ। জানা যায়, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লামনী, ঘুচর, খালপার, শেকর হাওর ও কদম খাল সীমার বাজার হয়ে পাতলীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকায় বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে পানির সমস্যা, যোগাযোগের দুর্ভোগ এবং কৃষিকাজে নানা প্রতিবন্ধকতার কারণে এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন। বিশেষ করে কৃষিজমি রক্ষা, ফসল উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে একটি টেকসই বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।
পরিদর্শনকালে সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত, কৃষিকাজসহ নানা ক্ষেত্রে কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। বর্ষা মৌসুমে পানির কারণে কৃষি ও জনজীবনে ব্যাপক সমস্যা দেখা দেয়। বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি কৃষিজমি সুরক্ষা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকা বাসী বলছেন এই রাস্তা প্রথম বার নির্বাচিত হওয়ার পর কালাম চেয়ারম্যান এই রাস্তা করে দিয়েছেন পরে আর মাটি বা কোন কাজ আসে নি ও কেউ করে নাই ।
তিনি আরও বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বেড়িবাঁধ নির্মাণের স্থান পরিদর্শন করা হয়েছে। আশা করছি, অল্প দিনের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে। কাজটি বাস্তবায়িত হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা একটি স্থায়ী সমাধানের প্রত্যাশা করে আসছেন। বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণ হলে শুধু যোগাযোগ ও কৃষি খাতেই নয়, পুরো এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু ও মানসম্মতভাবে শেষ করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত এ প্রকল্প বাস্তবায়িত হলে বিছনাকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে ।


এই বিভাগের আরো খবর