শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক আটক

ডেস্ক / ৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক আটক

সিলেটের গোয়াইনঘাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিহাব আহমদ (২২) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক শিহাব সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বশির উদ্দিন।এসআরবি-৯ জানায়, ভুক্তভোগী ছাত্রী গোয়াইনঘাটের একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বারহাল বাজারের ইলিয়াছ মার্কেটের সামনে শিহাবের সাথে তার দেখা হয়। এ সময় ছাত্রীর বাবার নির্দেশে উপবৃত্তির আবেদনের জন্য ছবি তোলা হবে বলে জানিয়ে তাকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি স্টুডিওতে যেতে বলেন শিহাব।

অভিযোগ অনুযায়ী, ছাত্রীটি দ্বিতীয় তলায় গেলে শিহাব তার পিছু নেন। পরে সিঁড়ির পাশের দেয়ালের আড়ালে নিয়ে তার মুখ চেপে ধরে পোশাক ছিঁড়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনা কাউকে জানালে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।এসআরবি জানায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও তার বাবা ও ভাইয়ের মুঠোফোনে পাঠানো হয়। এ ছাড়া আল আমিন আহমদ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালায়। রাত ৮টা ৫ মিনিটের দিকে মামলার এজাহারভুক্ত আসামি শিহাব আহমদকে আটক করা হয়।


এই বিভাগের আরো খবর