রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ব্রিজের না থাকায় দুর্ভোগে গ্রামের ১৪ হাজার মানুষ, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা

জুবায়ের আহমদ সাব্বির, গোয়াইনঘাট প্রতিনিধি / ৭০ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রিজের না থাকায় দুর্ভোগে গ্রামের ১৪ হাজার মানুষ, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা

ব্রিজের না থাকায় দুর্ভোগে গ্রামের ১৪ হাজার মানুষ, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকায় একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৬ থেকে ৭টি গ্রামের প্রায় ১৪ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
সরেজমিনে টেকনাগুল এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাটির যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন ধরে স্থায়ী পারাপারের ব্যবস্থা নেই। বর্ষাকালসহ বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত ও ভাঙনপ্রবণ থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন।
এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। অনেক শিক্ষার্থীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। সাঁকোটি সরু, নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পারাপারের সময় তাদের মধ্যে আতঙ্ক কাজ করে। বিশেষ করে বর্ষাকালে পানি বেড়ে গেলে ঝুঁকি আরও বহুগুণ বাড়ে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকায় অভিভাবকরাও সন্তানদের নিয়ে উদ্বিগ্ন থাকেন।

এলাকার মসজিদ ও মাদ্রাসায় যাতায়াতকারী মুসল্লি, শিক্ষক এবং ধর্মীয় শিক্ষার্থীদেরও প্রতিদিন একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। নামাজ আদায়, ধর্মীয় শিক্ষা গ্রহণ কিংবা প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে গিয়ে ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে হয়। স্থায়ী ব্রিজ না থাকায় বয়স্ক মানুষ ও শিশুদের চলাচলও হয়ে উঠেছে কষ্টসাধ্য।
শুধু শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম নয়, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও ব্রিজের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগী, বিশেষ করে গুরুতর অসুস্থ ব্যক্তি ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার সময় চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। জরুরি মুহূর্তে ঝুঁকিপূর্ণ সাঁকো পার হওয়া কিংবা বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, যা রোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। স্থানীয়দের দাবি, অতীতে নৌকায় পারাপারের সময় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
ব্রিজ না থাকায় এলাকার কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, দৈনন্দিন প্রয়োজন এবং সামাজিক যোগাযোগেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় পীরের বাজারের টেকনাগুল এলাকার ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক নাসির উদ্দীন বলেন, “সৃষ্টির শুরু থেকেই এলাকার মানুষ এখানে একটি ব্রিজ না থাকার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। কয়েক যুগ পেরিয়ে গেলেও সমস্যাটির স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। একই সঙ্গে এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, মানুষের কষ্টের কথা বিবেচনা করে টেকনাগুলে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।”
এলাকাবাসীর ভাষ্য, টেকনাগুলে ব্রিজ নির্মাণ এখন শুধু একটি অবকাঠামোগত দাবি নয়; এটি হাজারো মানুষের নিরাপদ চলাচল, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ, মসজিদ-মাদ্রাসায় যাতায়াত, অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সরেজমিন পরিদর্শন, প্রয়োজনীয় সমীক্ষা ও প্রকল্প গ্রহণের মাধ্যমে টেকনাগুল এলাকায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে। এতে কয়েকটি গ্রামের প্রায় ১৪ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার্থী, মুসল্লি, রোগীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।


এই বিভাগের আরো খবর