রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিলেন রোজিনা

ডেস্ক / ৫১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিলেন রোজিনা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে মেয়ের বাসায় অবস্থান করছেন এই অভিনেতা। সম্প্রতি সেখানে তাঁর সাথে দেখা করে শারীরিক অবস্থার নতুন খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সাথে সাক্ষাতের কয়েকটি মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রোজিনা। সেখানে তিনি জানান, আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এই অভিনেতা। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পাশাপাশি একসাথে খাওয়াদাওয়াও হয়েছে।

ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তাঁর মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাঁকে দেখতে।’

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসাথে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তাঁর অস্ত্রোপচারও সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন এই অভিনেতা।


এই বিভাগের আরো খবর