শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক / ৪৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজনের শুক্রবারই (২০ নভেম্বর) বিয়ের দিন ধার্য ছিল। বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন, বরপক্ষের অপেক্ষায় স্বজনরা—কিন্তু সেই আনন্দঘন আয়োজন মুহূর্তেই রূপ নেয় শোকের ছায়ায়।

শুক্রবার (নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের পৃথক দুটি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, একই দিন সকালে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তন্নীকে দেখতে পান স্বজনরা।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবারই সুমাইয়া জান্নাত তন্নীর বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করে বরপক্ষের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু বিয়ের আনন্দে মুখরিত হওয়ার কথা যে বাড়িতে, সেখানে নেমে আসে হৃদয়বিদারক শোকের মাতম।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।দুই তরুণীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বিয়ের দিনেই তন্নীর এমন করুণ পরিণতি স্থানীয়দের গভীরভাবে ব্যথিত করেছে।


এই বিভাগের আরো খবর