শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

স্পোর্টস ডেস্ক / ৫২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

বার্সেলোনার স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া এখন বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার। আন্তর্জাতিক ক্রীড়া গবেষণা সংস্থা সিআইইএসের সর্বশেষ মূল্যায়নে তাঁর সম্ভাব্য দলবদলমূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো। তালিকায় সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
১৮ নভেম্বর প্রকাশিত সিআইইএস ফুটবল অবজারভেটরির ৫৬২তম সাপ্তাহিক প্রতিবেদনে বিশ্বের ১০০ জন গোলরক্ষকের সম্ভাব্য দলবদলমূল্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির পরিসংখ্যানভিত্তিক মডেল অনুযায়ী, ২৫ বছর বয়সী জোয়ান গার্সিয়ার বর্তমান মূল্য ৮০ দশমিক ৬ মিলিয়ন ইউরো।

এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দোন্নারুম্মার মূল্য ৭৯ দশমিক ৯ মিলিয়ন ইউরো। তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্নে লামেন্স, তাঁর মূল্য ৬৪ দশমিক ২ মিলিয়ন ইউরো। চতুর্থ স্থানে রয়েছেন অ্যাস্টন ভিলার জাপানি গোলরক্ষক জিওন সুজুকি। তাঁর মূল্য ৫৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো।

জোয়ান গার্সিয়ার সাথে বার্সেলোনার চুক্তি রয়েছে ২০৩১ সালের জুন পর্যন্ত। ২০২৫ সালে নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওল থেকে তাঁকে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি। সে সময় তাঁর চুক্তির শর্ত অনুযায়ী ২ কোটি ৫০ লাখ ইউরো ব্যয় করেছিল বার্সেলোনা।

এসপানিওলে থাকতেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই স্প্যানিশ গোলরক্ষক। ২০২৪-২৫ মৌসুমে স্প্যানিশ লিগে সর্বোচ্চ ১৪৬টি সেভ করেছিলেন তিনি। দলকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

অন্যদিকে, তালিকায় শীর্ষ দশে জায়গা পাওয়া গোলরক্ষকদের মধ্যে পিএসজির রুশ গোলরক্ষক মাতভেই সাফোনভের সম্ভাব্য দলবদলমূল্য ৫০ দশমিক ৮ মিলিয়ন ইউরো। বায়ার্ন মিউনিখের ইয়োনাস উরবিগের মূল্য ৫০ মিলিয়ন ইউরো।তবে সিআইইএসের এই মূল্যায়ন প্রকৃত দলবদল ফি নয়। বিভিন্ন পরিসংখ্যান, বয়স, চুক্তির মেয়াদ ও খেলোয়াড়ের পারফরম্যান্স বিবেচনায় সম্ভাব্য বাজারমূল্য নির্ধারণ করেছে সংস্থাটি।


এই বিভাগের আরো খবর