২০২৬ কনমেবল কোপা সুদামেরিকানার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্স। ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল তারা। এই জয়ের মধ্য দিয়ে মোট ১৯টি আন্তর্জাতিক শিরোপা জিতে দক্ষিণ আমেরিকার সবচেয়ে সফল ও সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব হিসেবে এককভাবে শীর্ষস্থান দখল করল বোকা জুনিয়র্স।
কলম্বিয়ার বারানকিয়ার মেত্রোপলিতানো রবার্তো মেলেন্দেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোদোলফো আরুয়াবারেনার দল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বোকা; সেবাস্তিয়ান ভিয়ার ক্রস তিন মাস পর একাদশে ফেরা মিনেইরো গোলরক্ষক এভারসনের হাত ফসকে বেরিয়ে গেলে ফাঁকায় বল পান মিগুয়েল মেরেন্তিয়েল, তবে উরুগুইয়ান এই স্ট্রাইকারের শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বাদশ মিনিটে সান্তিয়াগো আস্কাসিবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে; ১৫তম মিনিটে টমাস আরান্দার প্রতিহত হওয়া শট থেকে ফিরতি বলে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন আস্কাসিবার। প্রথমার্ধের শেষ দিকে লাউতারো দি লোলোর শক্তিশালী হেড দারুণ রিফ্লেক্সে রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি এভারসন।
বিরতির পর ম্যাচে ফিরতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন আতলেতিকো মিনেইরোর কোচ এদুয়ার্দো দোমিঙ্গেজ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বোকা জুনিয়র্স। ৪৮তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বদলি নামা অ্যাঞ্জেলো প্রেসিয়াদোকে কাটিয়ে বক্সে বল বাড়ান ভিয়া, আর কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়ান টুর্নামেন্টে বোকার সর্বোচ্চ গোলদাতা মেরেন্তিয়েল (৬ গোল)।