সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

জুবায়ের আহমদ সাব্বির, গোয়াইনঘাট প্রতিনিধি: / ১৩৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, একই এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্র।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গতকাল দিবাগত রাতে কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও তার চাচাতো ভাই আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আমির হোসেনের মা আম্বিয়া বেগম হাতে আহত হন। মাকে আহত হতে দেখে উত্তেজিত হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

অপরদিকে, গতকাল দিবাগত রাত ১টার দিকে মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোহান (২১) নামে এক কলেজছাত্র। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (অনার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজ কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সকালে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুনের ঘটনায় এলাকাবাসী হতবাক। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর