চলতি বছরের শুরুতে ‘আওয়ারাপান ২’ সিনেমার মাধ্যমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য পাওয়া সেই সিনেমার পর নতুন ছবি ‘গানমাস্টার জি৯’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে হতাশাজনক ব্যবসা করেছে অ্যাকশন থ্রিলারটি।আদিত্য দত্ত পরিচালিত সিনেমাটি মুক্তির আগে ভালো ব্যবসার সম্ভাবনা তৈরি করেছিল। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা ছিল, প্রথম দিনে ছবিটি আয় করতে পারে ৬ থেকে ৮ কোটি রুপি। কিন্তু সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি এটি।
বক্স অফিসসংক্রান্ত তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাকনিল্কের সর্বশেষ হিসাব অনুযায়ী, শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘গানমাস্টার জি৯’ আয় করেছে মাত্র ৩ কোটি ৬৫ লাখ রুপি। ফলে প্রথম দিনের আয় নিয়ে হতাশ হতে হয়েছে নির্মাতাদের।
সিনেমাটির এমন দুর্বল শুরুর পেছনে কয়েকটি কারণ দেখছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে রয়েছে মিশ্র সমালোচনা এবং একই সপ্তাহে মুক্তি পাওয়া সূরজ বরজাতিয়ার ‘ইয়ে প্রেম মোল লিয়া’র সাথে বক্স অফিসে প্রতিযোগিতা।
অথচ ইমরান হাশমির আগের সিনেমা ‘আওয়ারাপান ২’ মুক্তির প্রথম দিনেই ২১ কোটি রুপি আয় করেছিল। পরবর্তী সময়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়ায় ২১৩ কোটি রুপি। সেই সাফল্যের পর ‘গানমাস্টার জি৯’ নিয়েও বড় প্রত্যাশা তৈরি হয়েছিল।