সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে।মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ৪ মাস এবং অন্যজনের ১ বছর। তাদের একজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ হাম শনাক্ত না হলেও এ সময়ে হাম উপসর্গ নিয়ে ১৫৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত হাম উপসর্গে মারা যাওয়া ১৫৪ জনের মধ্যে ১০ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হয়েছে। বাকি মৃত্যুগুলো সন্দেহভাজন রোগীদের মধ্যে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে।