সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩০ জন।
রবিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত কোনো হামের রোগী শনাক্ত হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জের বিলাল আহমেদের ছয় মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইদুল আলমের ১৪ মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান রয়েছে। তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৫১৫ জন।
হাসপাতালভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি সন্দেহজনক হামের রোগী ভর্তি রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন আছেন ১৮০ জন। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭২ জন।