শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মোঃ পাবেল আহমদ / ১০ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাক উলটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৪টা থেকে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক উলটে সড়কের ওপর পড়ে। এতে মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। পরে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। একপর্যায়ে যানজট ছড়িয়ে পড়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকা পর্যন্ত।

দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ে। বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক যানবাহন দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।মাধবপুর থানার ট্রাফিক সার্জেন্ট প্রিন্স জানান, ইসলামপুর এলাকার দুর্ঘটনার প্রভাব মাধবপুর অংশেও পড়েছে। এমনিতেই ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এর মধ্যে পাথরবোঝাই ট্রাক উলটে সড়কে পড়ে যাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে ধীরে ধীরে যানজট কমতে শুরু করে। তবে এরপরও মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে ছিল। সিলেট থেকে ঢাকাগামী আল মুবারকা পরিবহণের এক যাত্রী জানান, পরিবার নিয়ে যাচ্ছি, দীর্ঘ সময় গাড়ি আটকা পড়ায় চরম অস্বস্তির মধ্যে পড়েছি।

সড়কে যানবাহনের চাপ এবং চলমান উন্নয়নকাজের কারণে যান চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহণেও বিঘ্ন ঘটে।


এই বিভাগের আরো খবর