দেশে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী ঝরে পড়ার হার আবারও বেড়েছে। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমার পর ২০২৪ সালে এ হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশে। আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ঝরে পড়ার হার ছিল ১৩ দশমিক ১৫ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার বেড়েছে তিন দশমিক ১০ শতাংশ পয়েন্ট। সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে চতুর্থ শ্রেণিতে।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি ২০২৪-এর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ছিল ১৭ দশমিক নয় শতাংশ। পরের বছর তা কমে ১৭ দশমিক দুই শতাংশে দাঁড়ায়। ২০২১ সালে আরও কমে হয় ১৪ দশমিক ১৫ শতাংশ। ২০২২ সালে এ হার ছিল ১৩ দশমিক ৯৫ শতাংশ।
২০২৩ সালে ঝরে পড়ার হার কমে ১৩ দশমিক ১৫ শতাংশে নেমে আসে। তবে ২০২৪ সালে এসে সেই ধারায় পরিবর্তন দেখা যায়। ওই বছর ঝরে পড়ার হার বেড়ে দাঁড়ায় ১৬ দশমিক ২৫ শতাংশে।