ভারতের একটি বহুতল আবাসিক ভবনের ১৮ তলা থেকে পড়ে এক নারী ও তার ছয় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মা ও ছেলে আত্মহত্যা করেছেন।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে , নিহত নারীর নাম একতা ভাঙড়ে (৩৩) এবং তার ছেলের নাম মাধব ভাঙড়ে (৬)। তারা পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের থেরগাঁও ওয়াকাড এলাকার অভিজাত আবাসিক কমপ্লেক্স সিগনেচার পার্কে বসবাস করতেন। গত দুই বছর ধরে স্বামী মনোজ ভাঙড়ে (৩৫) ও ছেলেকে নিয়ে ওই আবাসিক কমপ্লেক্সে থাকছিলেন একতা।
জানা গেছে, পরিবারটি আবাসিক ভবনটির সপ্তম তলায় বসবাস করত। মনোজ ভাঙড়ে ইয়েরওয়াড়ার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন। শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কাজে চলে যান মনোজ। সে সময় একতা ও মাধব বাসায় ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের একটি ডাক্ট থেকে বিকট শব্দ শুনে আবাসিক এলাকার বাসিন্দারা নিচে ছুটে আসেন। সেখানে রক্তাক্ত অবস্থায় একতা ও মাধবকে পড়ে থাকতে দেখেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওয়াকাদ থানার পুলিশ। পুলিশের পরীক্ষা করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে একতা ছেলেকে নিয়ে লিফটে করে ভবনের ১৮ তলায় উঠেছিলেন। পরে ভবনের গ্যালারির রেলিংয়ের কাছে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।নিহত মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, আত্মহত্যা করেছেন ওই নারী।