শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বলিউডে আবারও আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক

ডেস্ক / ১০ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
বলিউডে আবারও আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক

মুম্বাইয়ের চলচ্চিত্রজগতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক। তারকাদের লক্ষ্য করে গুলিবর্ষণ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির একের পর এক ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলিউডে। পরিস্থিতি সামাল দিতে ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করছেন অভিনেতা-অভিনেত্রীরা। এতে নব্বইয়ের দশকে বলিউডে অপরাধী চক্রগুলোর প্রভাব বিস্তারের সেই অন্ধকার সময়ের স্মৃতি ফিরে আসছে।

একসময় হাজার হাজার কোটি ডলারের এই চলচ্চিত্রশিল্পে কয়েকটি প্রভাবশালী অপরাধী চক্রের নিয়ন্ত্রণ ছিল। অর্থায়ন থেকে শুরু করে অভিনয়শিল্পী নির্বাচন ও চলচ্চিত্রের পরিবেশনা, বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটাত তারা। তবে পুলিশের ধারাবাহিক অভিযান এবং সংগঠিত অপরাধ দমনে কঠোর আইন প্রণয়নের ফলে কয়েক দশক আগে তাদের তৎপরতা অনেকটাই কমে আসে।

সাম্প্রতিক হামলা ও হুমকির ঘটনাগুলোর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। দণ্ডিত ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ, কারাগারে থেকেও তিনি আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করছেন।

বলিউড অভিনেতা ও নিরাপত্তা সংস্থার মালিক রনিত রায় জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে তারকাদের উদ্বেগ আগের চেয়ে অনেক বেড়েছে। এখন অনেক তারকাকেই দুই পাশে দেহরক্ষী নিয়ে চলাফেরা করতে হচ্ছে। আগে মূলত প্রধান অভিনেতাদের নিরাপত্তার জন্য অনুরোধ আসত। কিন্তু বর্তমানে তাঁদের পরিবারের সদস্য ও সন্তানদের জন্যও নিরাপত্তার ব্যবস্থা চাওয়া হচ্ছে।

সাবেক অনুসন্ধানী সাংবাদিক ও লেখক এস হুসেন জায়েদির মতে, প্রতিষ্ঠিত গ্যাংস্টারদের পরিচিতি ও কুখ্যাতিকে কাজে লাগাচ্ছে সুযোগসন্ধানী অপরাধীরা। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, কয়েকজন দুঃসাহসী অপরাধী চলচ্চিত্রজগতে আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়ছে। এতে তারা সফলও হয়েছে। কারণ, অনেকের মধ্যেই ধারণা তৈরি হয়েছে যে নব্বইয়ের দশকের মতো মাফিয়াদের নিয়ন্ত্রণ আবারও ফিরে আসছে।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে গত অক্টোবরে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ এবং অভিনেতা তুষার কাপুরের কাছে ৬ লাখ ডলার চাঁদা দাবি। টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় সংগঠিত অপরাধবিরোধী আইনে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, চাঁদা আদায়, নিজেদের গ্যাংয়ের আধিপত্য প্রতিষ্ঠা এবং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল। এ ছাড়া আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি চালানোর তথ্য পেয়েছে পুলিশ। গুলিবর্ষণের ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের কথিত সদস্য অনিল পণ্ডিতকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এই বিভাগের আরো খবর