শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

৮৯ রানে অলআউট ভারত ,লজ্জাজনক ব্যবধানে হারলো

স্পোর্টস ডেস্ক / ৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
৮৯ রানে অলআউট ভারত ,নিজেদের ইতিহাসে দ্বিতীয় লজ্জাজনক ব্যবধানে হারলো

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের চরম নজির গড়ে বড় ব্যবধানে হেরেছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক কিউইদের দেওয়া ৩৩৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাট হেনরির পেস তোপে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এর আগে ব্যাট করতে নেমে উইল ইয়ংয়ের অনবদ্য সেঞ্চুরি (১২৫) এবং টিম সেইফার্টের ঝড়ো ফিফটির (৫৮) সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান যোগ করার আগেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। ম্যাট হেনরির সুইং ও গতিতে একে একে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এরপর রুতুরাজ গায়কোয়াড়ও দ্রুত আউট হলে মাত্র ৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। ওয়ানডে ইতিহাসে এর আগে কেবল ১৯৮৩ সালের বিশকাপে ১০ রানের মধ্যে চার উইকেট হারিয়েছিল ভারত।

দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান আসে ইশান কিষাণের ব্যাট থেকে। এছাড়া অক্ষর প্যাটেল ও নামান ধীর প্রত্যেকে ২১ রান করলেও আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। কিউইদের পক্ষে ম্যাট হেনরি মাত্র ২৭ রান খরচ করে ৬টি উইকেট শিকার করেন। এছাড়া ম্যাথিউ ফিশার ৩টি এবং কাইল জেমিসন নেন ১টি উইকেট।

এই হারের ফলে ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ (২৪৪ রান) বড় হার। এর আগে ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে হেরেছিল তারা। এছাড়া ২০১০ সালে ৮৮ রানে অলআউটের পর কিউইদের বিপক্ষে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড।


এই বিভাগের আরো খবর