শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ওয়াশিংটনে ব্যস্ত সড়কে গুলিবর্ষণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ওয়াশিংটনে ব্যস্ত সড়কে গুলিবর্ষণ, নিহত ১

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট। আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, হামলার সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। গুলি চালানোর পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে একটি কক্ষে অবরুদ্ধ করেন। পুলিশ ফোনে তাঁর সাথে যোগাযোগ করে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করছিল। এ সময় কর্মকর্তারা কক্ষের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান।

পরে পুলিশ ওই কক্ষে প্রবেশ করে দেখতে পায়, সন্দেহভাজন ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। এরপর তাঁকে আটক করা হয় বলে জানান জেফরি ক্যারল।ঘটনাস্থলে উপস্থিত আল-জাজিরার এক প্রতিবেদক জানান, হামলার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সেখানে অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। ওই ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরছিল। জিমের আরেক সদস্য তাঁকে সাহায্য করতে এগিয়ে গেলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্পেলম্যানের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পর বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।হামলার স্থানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে। ব্যস্ত সময়ে এমন হামলার ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার কারণে ঘটনাস্থলের কাছাকাছি কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। একই সাথে পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। এ সময় আশপাশের ভবনের ভেতরে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর