রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

দিল্লিতে ই-রিকশা চার্জিং স্টেশনে আগুন

ডেস্ক রিপোর্ট / ২৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
দিল্লিতে ই-রিকশা চার্জিং স্টেশনে আগুন

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন। প্রাথমিকভাবে ভবনের নিচতলায় থাকা একটি ই-রিকশা চার্জিং স্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।রবিবার (২৯ নভেম্বর) ভোররাতে দিল্লির শাহদারা জেলার বিশ্বাস নগর এলাকার ১১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।দিল্লি ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ১৩ মিনিটের দিকে একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিনটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। এর মধ্যে একটি ওয়াটার ইঞ্জিন, একটি ওয়াটার বাউজার ও একটি কুইক রেসপন্স ভেহিকেল ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৬০ বর্গগজ জায়গার ওপর নির্মিত বাড়িটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি ই-রিকশা চার্জিং স্টেশন ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ওপরের তলায় ছয়জন আটকা পড়েন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হেগড়েওয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। বাকি দুজন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

শাহদারা জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, থানায় আগুন লাগার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার ই-রিকশা চার্জিং পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন, নিচতলায় ঘুমিয়ে থাকা ব্যক্তিরাই আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর