সিলেটে ১৫ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় চিনিসহ আটক ১
সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ১৬ লাখ টাকার ট্রাকভর্তি ভারতীয় চিনির চালানসহ একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (২৩ অক্টোবর) বিকালে সিলেট নগরের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশিকালে চোরাই চিনির চালান জব্দ ও একজনকে আটক করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৯ বস্তায় ১৩ হাজার ১৮১ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় ট্রাকচালক আশরাফুল ইসলামকে আটক দেখানো হয়েছে। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে।পুলিশের জিজ্ঞাসাবাদে চালক আশরাফুল জানান, জব্দকৃত চিনির মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার বালিপাড়া গ্রামের মড়া মিয়া ওরফে হাবিবুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৪৫)।এঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।