সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ইজারায় নিয়মনীতি উপেক্ষা, কাঙ্খিত রাজস্ব আয়ে সংশয়

ডেস্ক রিপোর্ট / ২৬১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ইজারায় নিয়মনীতি উপেক্ষা, কাঙ্খিত রাজস্ব আয়ে সংশয়

অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানে সিলেট সদর উপজেলা প্রশাসন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি অভিযোগ ওঠেছে। ত্রুটিপূর্ণভাবে টেন্ডার পক্রিয়া সম্পাদন করায় কাঙ্খিত রাজস্ব আদায়ে সংশয় দেখা দিয়েছে।দরপত্র মূল্যায়নে ত্রুটি, অনিয়মসহ নানা অসঙ্গতির জন্য ১০টি হাটের দরপত্র আহবান করা হলেও ৩টিতে কেউ কোনো দরদাতা অংশ নেননি। আর বাকী গুলোতে যারা অংশ নিয়েছেন, তাদের কাছ থেকে আশানুরূপ দর পাওয়া যায়নি। তাই একাধিকবার দরপত্র আহবান করেও কাঙ্খিত দর আদায় ছাড়াই সন্তুষ্ট থাকতে হচ্ছে সদর উপজেলা প্রশাসনকে। শুধু তাই নয় দরপত্র আহবানে নিয়মনীতি উপেক্ষা, দরপত্র মূল্যায়নে ত্রুটি, মন্ত্রনালয়ের নির্দেশনা অমান্য করে খেলার মাঠকে পশুর হাটের ইজারা প্রদানসহ নানা অসঙ্গতি ফুঠে ওঠেছে এবারের সদর উপজেলার অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের পক্রিয়ায়।

অনুসন্ধানে দেখা গেছে, ৬ শতাংশ মূল্য বর্ধিত করে আহবানকৃত ১ম বারের দরপত্র বিজ্ঞপ্তিতে কাঙ্খিত মূল্যর তালিকাটি ছিল ক্রটিপূর্ণ। যার কারনে উন্মুক্ত দরপত্র আহবান করেও কাঙ্খিত ইজারাদার পাওয়া যায়নি। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত দাম বাড়ানোর কারণে আগ্রহী অনেকেই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পরবর্তীতে ২য় বারের দরপত্র আহবান করা হলেও তা কোন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি এবং যে সময় নির্ধারণ করা হয়েছিল টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তা যথেষ্ট ছিল না বলেও অনেকেই অভিযোগ করেন।

এছাড়াও হাটবাজার নীতিমালা অনুসারে প্রথমমবার কোন দরপত্রে কাঙ্খিত মূল্য অর্জিত না হলে ২য় বা ৩য় বার দরপত্র আহবানের কথা বলা হয়েছে এবং নিয়মানুযায়ী বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করতে হবে। অথবা ১ম বারের দরপত্রে তা পরবর্তীতে দরপত্র কবে আহবান করা হবে তার সময় উল্লেখ করতে হবে। কিন্তু সদর উপজেলা প্রশাসন এ নিয়মনীতি উপেক্ষা করেছে।

এছাড়াও যে কোন ধরনের খেলার মাঠকে পশুর হাট হিসেবে ইজারা প্রদান না দেয়ার জন্য মন্ত্রনালয়ের নির্দেশনা থাকলেও খেলার মাঠকে অস্থায়ী পশুর হাট হিসেবে দরপত্রে অর্ন্তভুক্ত করেন, যা ১ম দরপত্রে অর্ন্তভুক্ত ছিল না।

কি কারনে এমনটি হয়েছে, তা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ -এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাশাপাশি তাঁর বক্তব্য নিতে ক্ষুদে বার্তা পাঠালেও তাঁর পক্ষ থেকে কোন ধরনের সাড়া মেলেনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ বলেন, জনদাবির কথা বিবেচনা করে সদর উপজেলার খেলার মাঠটি পশুর হাটের দরপত্রে অর্ন্তভুক্ত করা হয়েছে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক সূবর্না সরকার বলেন, খেলার মাঠ বা স্কুলের মাঠ পশুর হাটের জন্য ইজারা দেয়ার সুযোগ নেই। তবে এরকম ঘটে থাকলে, বিস্তারিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন।

নাম প্রকাশ না করার শর্তে দরপত্রে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, বিগত বছরের চেয়ে এবছর কোন কারন ছাড়াই দর অনেক বৃদ্ধি করা হয়েছে। আবার ২য়বার দরপত্র আহবানের খবর কোন গণমাধ্যমেও প্রকাশ করা হয় নাই। এছাড়াও প্রতি ৩ কিলোমিটার দূরে হাট ইজারা দেয়ার কথা। সেখানে এক কিলোমিটারের মধ্যে একাধিক বাজার ইজারা দেয়া হয়েছে। তাও নামমাত্র ইজারামূল্যে। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও এক রকম বিরূপ প্রতিক্রিয়া কাজ করছে। আর প্রকৃত দর দিয়ে হাট ইজারা দেওয়া ব্যবসায়ীরা ক্ষতির সম্ভাবনা রয়েছে।

দরপত্রে অংশ নেয়া অনেকে বলেন, এ বছরের মতো অনিয়ম আর কখনো দেখিনি। কার স্বার্থে বা কেন এমন হলো, তাও সঠিক কোন কারন খোঁজে পাচ্ছি না।

উল্লেখ্য, গত ২১ মে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিগত মূল্যের উপর ৬% বর্ধিত হারে ২০২৫ সনের জন্য নিলাম যোগ্য অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহবান করা হয়।

২১ মে থেকে ২৬ মে বিকাল ৫টা পর্যন্ত দরপত্র সংগ্রহ এবং ২৭ মে দুপুর ২টায় দরপত্র জমা এবং ২৭ মে দুপুর সরকারি কাঙ্খিত ইজারা মূল্যে ইসলামগঞ্জ বাজারের উত্তরের উত্তরের মাঠ ১ লাখ টাকা, পীরের বাজার ১ লাখ ৫০ হাজার, বাইপাস পয়েন্ট সুরমা গেইট সংলগ্ন স্থান ২ লাখ টাকা, পরগনা বাজার ১ লাখ টাকা, দাসপাড়া / শাহজালাল বাজার, শাহজালাল বাজারের মাঠ, বলাউরা বাজার, বাদাঘাট বাজার, লাক্কাতুরা খেলার মাঠ, বাদেআলী পশুর হাট ২ লাখ টাকা ধার্য্য করা হয়। হাট বাজার ইজারা প্রদানের ক্ষেত্রে ”হাটবাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা ২০১১” অনুসরণ করতে হবে। কিন্তু ২৭ মে দরপত্র উম্মুক্ত করার পর দাখিলকৃত দরপত্রে শুধুমাত্র ১ টি হাটের ইজারা মূল্য পাওয়া যায়। বাকি হাট অবিক্রিত থেকে যায়।

শুধুমাত্র পীরের বাজার হাট ১ লাখ ৫৫ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হয়।

অবিক্রীত অস্থায়ী পশুর হাট সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সহকারি প্রশাসনিক কর্মকর্তা শিবলু চন্দ্র দাশ বলেন, অবিক্রিত হাটগুলো থেকে লাক্কাতুরা পশুর হাট বাদ পড়ে নতুন ভাবে সদর উপজেলার শাহী ঈদগাহ খেলার মাঠকে অর্ন্তভুক্ত করা হয় এবং ২ জুন ইজারা সংক্রান্ত ২য় বিজ্ঞপ্তি (২য় বার) আহবান করা হয়। বিজ্ঞপ্তিতে ওইদিন দুপুর ২টা পর্যন্ত দরপত্র বিক্রি এবং দুপুর ২টা হতে ৪টায় পর্যন্ত দাখিল এবং বিকাল ৫টায় উন্মুক্ত করার সময় ধার্য্য করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২য় বার আহবানকৃত দরপত্র বিজ্ঞপ্তিটি কোন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। ২য় পর্যায়ের বিজ্ঞপ্তিতে দেখা যায় যে, সিলেট সদর উপজেলার খেলার মাঠ ১০ লাখ টাকা, বাইপাস পয়েন্ট সুরমা গেইট সংলগ্ন স্থান ৬০ হাজার টাকা, পরগনা বাজার কোন দর ধরা হয়নি (উম্মুক্ত রাখা হয়), দাসপাড়া/শাহজালাল বাজার (দর উম্মুক্ত রাখা হয়), শাহজালাল বাজারের মাঠ ৩৩ হাজার ৭২ টাকা, বলাউরা বাজার ৩১ হাজার ৮০০, বাদাঘাট বাজার ১ লাখ টাকা, বাদেআলী পশুর হাট দর উম্মুক্ত রাখা হয়। উক্ত হাটগুলোর মধ্যে সদর উপজেলার খেলার মাঠ ১১ লাখ টাকা, ইসলামগঞ্জ বাজারের উত্তরের মাঠ ২৫ হাজার টাকা, বাইপাস পয়েন্ট সুরমা গেইট ৬২ হাজার টাকা, পরগনা বাজার ২২ হাজার টাকা, বাদাঘাট বাজর ১ লাখ টাকা , বাদেআলী বাজার ৫ হাজার টাকায় সর্বোচ্চ দর পাওয়া যায় এবং দাসপাড়া/ শাহজালার বাজার, শাহজালাল বাজারের মাঠ, বলাউরা বাজারসহ ৩ টি পশুর হাটে কোন দরদাতা অংশগ্রহণ করেননি।


এই বিভাগের আরো খবর