শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বাড়ি যাওয়ার প্রস্তুতিতে ঝগড়া, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ডেস্ক রিপোর্ট / ১৫৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
বাড়ি যাওয়ার প্রস্তুতিতে ঝগড়া, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকচালক নূর আলীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার (২০)।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভাড়া বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতির সময় কথা-কাটাকাটির একপর্যায়ে নূর ফারজানার পেটে ছুরি চালান। রক্তাক্ত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকেই নূরকে আটক করে।

চার বছর আগে নূরের সঙ্গে ফারজানার বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। শিমুলতলা এলাকার পাখি মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন নূর; ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ এবং বাড়ির মালিক পাখি মিয়ার বরাত দিয়ে স্থানীয়রা জানান, রোববার সকালে উভয়ের পিত্রালয় লাদিয়া গ্রামে যাওয়ার প্রস্তুতিকালে পুরোনো বিরোধ নিয়ে তর্ক শুরু হয় দম্পতির মধ্যে। ঝগড়ার একপর্যায়ে নূর স্ত্রীকে ছুরিকাঘাত করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, সদর মডেল থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। তিনি ঘটনাস্থলের পথে রয়েছেন।


এই বিভাগের আরো খবর