সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়নপত্যাশী ছিলেন তারা তিনজন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। দল থেকে মনোনয়ন দেওয়া হয় এমএ মালিককে।
তবে শেষ সময় পর্যন্ত প্রচার অব্যাহত রেখেছিলেন সালাম। লন্ডন থেকে ফিরে এসে জনসংযোগ চালিয়ে যাচিছলেন। মনোনয়ন রিভিউয়েরও দাবি জানিয়েছিলেন দলের কাছে। আর কাইয়ুম চৌধুরী দলের সিদ্ধান্তের বিরোধীতা না করলেও এতোদিন নীরব ছিলেন। মালিকের পাশে দেখা যায়নি তাকে।
অবশেষে একসাথে দেখা গেলো এই তিন নেতাকে। অপর দুই মনোনয়নপ্রত্যাশীকে সাথে নিয়েই রোববার মনোনয়নপত্র জমা দেন এমএ মালিক। রোববার দুপুরে এমএ মালিক যখন জেলা রিাটর্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তখন তার সাথেই ছিলেন আব্দুস সালাম ও আব্দুল কাইয়ুম চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাশপাশি বসেও ছিলেন তারা।
এরআগেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দেন আব্দুস সালাম।
মনোনয়পত্র জমাদান শেষে এমএ মালিক বলেন, দেশে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। গত ১৭ বছর তারা ভোট দিতে পারেনি। তারেক রহমানের নেতৃত্বে
গত ১৭ বছরের আন্দোলনের কারণেই গণতন্ত্র ফিরে এসেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে। তাই জনগন তারেক রহমান ও তার দল বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।