সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এমরান আহমদ চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।সোমবার (১৯ জানুয়ারি) এমরান আহমদ চৌধুরী নিজেই চূড়ান্ত মনোনয়ন পাওয়ার এ তথ্যটি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক পত্র সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত প্রার্থীর নামে সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। পত্র অনুযায়ী, জাতীয় সংসদের আসন নম্বর ২৩৪ (সিলেট-৬) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ২৪ ডিসেম্বর ২০২৫ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির পক্ষ থেকে প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতেই এই চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।চূড়ান্ত মনোনয়নপত্রে স্বাক্ষর করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পত্রের অনুলিপি তথ্য ও প্রয়োজনীয় কার্যার্থে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, থানা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছেও পাঠানো হয়েছে।এদিকে, চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সিলেট-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও সুস্পষ্ট হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।