সিলেটে ‘মাটির টানে ফেরা’ প্রবাসীদের সম্মানে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর শিবগঞ্জস্থ লামাপাড়ার মোহিনী-৭২ এ অবস্থিত ইকুইটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে দেশে আসা বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয় এবং দ্বিতীয় পর্বে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সৈয়দ মিনহাজ উদ্দিন মুসার সভাপতিত্বে ও আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাডা বিএনপি (পশ্চিম)-এর সভাপতি আব্দুল আহাদ খন্দকার, নিউইয়র্ক মহানগর বিএনপির সহ-সভাপতি শরিফুল খালিসদার, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ইমরুল কায়েস ইমরান, শেখ মোহাম্মদ আইন উদ্দীন, লন্ডন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আজির, কানাডা বিএনপি (পূর্ব)-এর যুগ্ম সাধারণ সম্পাদক জুবের আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক জহির হোসেন, সিলেট মহানগর তাঁতি দলের আহবায়ক কয়েস আহমদ, সিলেট বয়েজের প্রকাশক সেলিনা চৌধুরী, সিলেট জেলা জজ কোর্টের এ পিপি নজরুল ইসলাম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক সম্পাদক কামাল খান, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজুক, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, ডাক্তার সাবিত্রী রায়, শিমু বেগম, এস এম আবু সায়েম,মুজিবুর রহমান, মুমিন আহমদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবর্ধিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থাকলেও হৃদয়ে সবসময় বাংলাদেশ থাকে। মাটির টানেই তারা বারবার ফিরে আসেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান। ইকুইটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
অনুষ্ঠানে ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা’ এই পাঁচটি মৌলিক চাহিদাকে গুরুত্ব দিয়ে সংগঠনের পক্ষ থেকে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।