বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অভিযানে উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু সংলগ্ন এলাকা থেকে ২৭শ’ কেজি ভারতীয় অবৈধ জিরা আটক করা হয়েছে। এ সময় জিরা পরিবহনে ব্যবহৃত দুইটি ভ্যান জব্দ করা হয়।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাগ বাজার এলাকার দুবাগ মোড়ে অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি টহল দল। সন্দেহভাজন দুইটি ভ্যান থামিয়ে তল্লাশি চালালে সেগুলো থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জিরার পরিমাণ ২৭শ’ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ আতাউর রহমান জানান, জব্দকৃত জিরা ও ভ্যানের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।