সারা দেশের ভূমি অফিসগুলোতে চলা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। কর্মকর্তা-কর্মচারীদের চরম গাফিলতির চিত্র দেখতে পেয়ে ক্ষোভ জানান তিনি। নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
বুধবার সকাল ঠিক ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সামনে আকস্মিক হাজির ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় এক অভাবনীয় চিত্র। সরকারি নিয়ম অনুযায়ী অফিস খোলার সময় হয়ে গেলেও পুরো কার্যালয় তখনো তালাবদ্ধ।
অফিসের বারান্দায় দাঁড়িয়ে প্রতিমন্ত্রীর অপেক্ষা, অথচ দেখা নেই কোনো কর্মকর্তার। প্রায় আধাঘণ্টা পর খোলা হয় কার্যালয়ের তালা।
প্রতিমন্ত্রী আসার খবর ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে অফিসে পৌঁছান দায়িত্বপ্রাপ্তরা। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসির উদ্দিন অফিসে আসেন সকাল পৌনে ১০টায়। আর সহকারী নায়েব ওমর ফারুকের দেখা মেলে সকাল ১০টায়।
নির্ধারিত সময়ের দীর্ঘক্ষণ পর অফিসে আসায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। জনসেবায় এমন চরম অবহেলার জন্য তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের প্রত্যেকটি ভূমি অফিস আজ প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের অভিযোগ ও অনুযোগের শেষ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে—ভূমি সেবা থেকে দুর্নীতি দূর করতে হবে। আমি এসে দেখলাম অফিস তালাবদ্ধ। নায়েব সাহেবরা আসছেন প্রায় এক ঘণ্টা পরে। এভাবে চলতে পারে না। যারা সরকারি নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে।
প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে স্থানীয় সেবাগ্রহীতারা ভিড় জমান অফিস প্রাঙ্গণে। দীর্ঘদিনের জমে থাকা ঘুষ, হয়রানি আর নামজারিসহ বিভিন্ন কাজে দালালের দৌরাত্ম্যের কথা সরাসরি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। ভুক্তভোগীদের প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন ব্যারিস্টার কায়সার কামাল।
দেশের প্রতিটি ভূমি অফিসকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে এই ধরণের আকস্মিক পরিদর্শন নিয়মিত চলবে। জনগণের ভূমি অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।
সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, মালিক নয়—প্রতিমন্ত্রীর এই ঝটিকা অভিযান সেই বার্তাই পৌঁছে দিল তৃণমূল পর্যায়ে