সিলেট মহানগরীর শাহপরান থানার টিলাগড় এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। আহতদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, ফিলিং স্টেশনের কর্মী আবু সাঈদ (২০) ও আবু সুফিয়ান (২২), এবং স্থানীয় বাসিন্দা জুয়েল (২০) ও হাবিব (২২)।
মঙ্গলবার সকাল ৭টার দিকে টিলাগড়ের আল জালাল সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে তাদের ভর্তি করা হয়।
বুধবার সকালে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আবু সাঈদের শরীরের ১৫ শতাংশ, আবু সুফিয়ানের ৯ শতাংশ, জুয়েলের ১২ শতাংশ এবং হাবিবের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে চারজনই আশঙ্কামুক্ত। তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আল জালাল সিএনজি স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে একটি বাসে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্টেশনের দুই কর্মীসহ চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।