শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সিলেটে সুরমা-কুশিয়ারার দুই পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

মোঃ পাবেল আহমদ / ৪৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
সিলেটে সুরমা-কুশিয়ারার দুই পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এছাড়া কুশিয়ারা নদীর আরও একটি পয়েন্টে পানি বিপৎসীমা স্পর্শ করায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পানি সমতল পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট স্টেশনে পানির উচ্চতা ১২ দশমিক ৭৬ মিটার, যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে রয়েছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ স্টেশনে পানির উচ্চতা ৯ দশমিক ৮৩ মিটার, যা বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর অমলশীদ স্টেশনে পানির উচ্চতা ১৫ দশমিক ৪০ মিটার, যা বিপৎসীমার সমান রয়েছে।

অন্যদিকে সুরমা নদীর সিলেট স্টেশন, কুশিয়ারা নদীর শেওলা ও শেরপুর স্টেশন, সারিগোয়াইন নদীর সারিঘাট এবং পিয়াইন নদীর জাফলং স্টেশনে এখনো পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকায় এসব এলাকাতেও পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কানাইঘাটে ২০ মিলিমিটার, সিলেটে ১৩ মিলিমিটার এবং শেওলায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আসাম থেকে নেমে আসা ঢলের কারণে দেশের এ অঞ্চলের নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর