হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে বাজারের বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বানিয়াগাঁও গ্রামের আব্দাল মেম্বারের ছেলে রিয়াদ মিয়া একটি ইনডোর খেলার মাঠ উদ্বোধন করেন। পরে সেখানে খেলার সময়সূচি নিয়ে পশ্চিম জয়পুর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে উজ্জ্বলের দলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।এই বিরোধের জেরে বুধবার দুপুরে মিরপুর এলাকায় রিয়াদ মিয়ার ভাই মুরাদ মিয়াকে একটি গাড়ি দিয়ে মোটরসাইকেলসহ চাপা দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে রিয়াদ মিয়া ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে মারধর করেন বলে জানা গেছে।
এরপর সন্ধ্যার দিকে বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর গ্রামের লোকজন মিরপুর বাজারে জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তা বাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।
স্থানীয়দের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বাজারের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও তারা জানিয়েছেন।সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে স্থানীয় নেতাদের সহযোগিতায় সংঘর্ষ থামানো হয়।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন তালুকদার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।