সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং আরও ৫১ জন আহত হয়েছেন। আগস্টের তুলনায় দুর্ঘটনা ও প্রাণহানি কমলেও এক মাসে সড়কে এত মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ রয়ে গেছে।রবিবার (৪ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে সিলেট জেলায় আটটি দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন, আহত ২৩ জন। মৌলভীবাজারে নয়টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও আটজন আহত হয়েছেন। আর হবিগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।চার জেলার মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজারে। সেখানে ১১ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে, যেখানে নিহত হয়েছেন দুজন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় আটটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষের আটটি ঘটনায় প্রাণ গেছে নয়জনের। এ ছাড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কার একটি ঘটনায় একজন নিহত হয়েছেন।সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণে ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদপত্র, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
তবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই কমেছে। আগস্টে বিভাগটিতে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছিলেন।সে হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দুর্ঘটনা কমেছে নয়টি। নিহতের সংখ্যা কমেছে ২১ জন এবং আহতের সংখ্যা কমেছে ৭১ জন।