শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ, আশুগঞ্জে আহত ১৫

ডেস্ক / ৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ, আশুগঞ্জে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় বছর আগের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। রাত ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর চারতলা গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

এর জেরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৫ জন আহত হন।খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ সময় চেষ্টার পর রাত ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সহিংসতা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর