সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।
সোমবার (৮ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের চেকপোস্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্টার এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার সচল হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ ও নববর্ষ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর এলাকা ও ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের পারাপারের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।