নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের জন্য ১৩টি রুটে চলাচলকারী ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০টি বাস দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেটা সোজা ও প্রশস্তকরণ এবং নতুন যেসব প্রকল্প নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রেইট লাইন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান, মো মতিয়ার রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিতকরণ এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।