রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের চার নেতার উপর হামলা

ডেস্ক রিপোর্ট / ৩২৭ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১০ মে, ২০২৫
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের চার নেতার উপর হামলা

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার ওপর হামলা হয়েছে। এসময় হামলাকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর। হামলার পর আহত অবস্থায় তাদের জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা ও সেনাবাহিনীর একটি দল।

শুক্রবার রাতে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাহদী হাসান বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ছিল। বিক্ষোভ শেষে আমরা রিকশায় ফিরছিলাম। তখন একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় হেলমেট পরিহিত অবস্থায় পাশে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাকিব।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে সাকিবকে নানা অনিয়মের সঙ্গে জড়ানোর অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের লোকজন দিয়ে এ হামলা করিয়েছেন। হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয় বিষয়টি ভিন্ন দিকে নেওয়ার জন্য। আমার মনে হয় না এখন নিষিদ্ধ ছাত্রলীগ এত সাহস করবে।’

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। আহতরা জানিয়েছেন, এনামুল হক সাকিব নামে একজন হামলা করিয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরো খবর