সারাদেশে হাম উপসর্গে গত এক দিনে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। সোমবার এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
এ সময়ে হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।