শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

৩১ বছর পর ওমর সানী-মৌসুমীর বিয়ের ছবি প্রকাশ্যে

ডেস্ক / ১৩ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
৩১ বছর পর ওমর সানী-মৌসুমীর বিয়ের ছবি প্রকাশ্যে

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব চিত্রনায়ক ওমর সানী। নিজের জীবনের নানা মুহূর্ত, স্মৃতি কিংবা পারিবারিক ছবি নিয়মিতই ভক্তদের সাথে ভাগ করে নেন এই তারকা।এবার তিন দশকের পুরোনো এক বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন তিনি।

চিত্রনায়িকা মৌসুমীর সাথে ওমর সানীর দাম্পত্য জীবনের ৩১ বছর পেরিয়েছে। গত ২ আগস্ট ছিল এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী।এরই মধ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজেদের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ওমর সানী।

ছবিতে নববধূ ও বর সাজে পাশাপাশি বসে থাকতে দেখা যায় তাকে ও মৌসুমীকে। সেই আয়োজনে অভিনেতাকে আংটি পরিয়ে দিচ্ছেন তার শ্বশুর ও শাশুড়ি।ছবিটি ফেসবুকে প্রকাশ করে ওমর সানী লিখেছেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা, পাশে আমার শ্বশুর সাহেব, একটা মধুর অনুভূতি জীবনের।’

পুরোনো সেই ছবির সাথে জড়িয়ে থাকা আবেগও প্রকাশ করেছেন অভিনেতা। প্রয়াত শ্বশুরকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসা। আর আম্মা শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী।’

১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’সহ আরও বেশ কিছু সিনেমায় একসাথে অভিনয় করেছেন তারা। ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।


এই বিভাগের আরো খবর