মাতৃহারা হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মারা গেছেন তাঁর মা কৃষ্ণা মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এক লিখিত বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রানির স্বামী আদিত্য চোপড়ার প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানি মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের এই শোকের সময়ে প্রাইভেসি বজায় রাখবেন।’
কৃষ্ণা মুখার্জি ছিলেন বাঙালি। একসময় তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। পরে চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেন। তাঁদের সন্তান রানি মুখার্জি। বাবা-মায়ের পথ অনুসরণ করেই অভিনয়ে আসেন রানি এবং পরবর্তী সময়ে বলিউডে বড় সাফল্য অর্জন করেন।
নিজের জীবন ও ক্যারিয়ারে মায়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিভিন্ন সময় বলেছেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।
এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নেওয়ার সময় নিজের মা কৃষ্ণা মুখার্জিকেও অনুসরণ করেছিলেন বলে জানিয়েছিলেন রানি। যদিও সিনেমায় তাঁর চরিত্রটি ছিল সাগরিকা নামের এক নারীর। সেই চরিত্রকে বাস্তবভাবে তুলে ধরতে তিনি সাগরিকার জীবন নিয়েও গবেষণা করেছিলেন।