শিশুশ্রম থেকে শিশুদের দূরে রেখে স্কুলমুখী করতে ঘানার ইস্টার্ন অঞ্চলে প্রায় ১০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি নতুন কমিউনিটি গড়ে তুলেছেন জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি মিস্টারবিস্ট নামে পরিচিত। আবনা ডাকওয়া ভিলেজ নামের এই প্রকল্পে রয়েছে ৩০০ জনের বেশি শিক্ষার্থীর জন্য স্কুল, শিক্ষকদের জন্য ১০টি বাড়ি, চিকিৎসাকেন্দ্র, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সৌরবিদ্যুৎ, বাজার এবং কৃষিভিত্তিক নানা সুযোগ।
আবনা ডাকওয়া ভিলেজটি আগে অনুন্নত জমিতে নির্মাণ করা হয়েছে। এখানে ৩০০ জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে এমন একটি স্কুল রয়েছে। শিক্ষকদের থাকার জন্য নির্মাণ করা হয়েছে ১০টি বাড়ি। পাশাপাশি রয়েছে একটি চিকিৎসাকেন্দ্র, কমিউনিটি বাজার এবং শিশুদের খেলাধুলার জন্য মাঠ ও বিনোদনের জায়গা।কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো বিশুদ্ধ পানির ব্যবস্থা। বড় পানির ট্যাংক ও সৌরশক্তিনির্ভর পানির ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের কাছে পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থাও স্থাপন করা হয়েছে, যাতে বিদ্যুতের জন্য প্রচলিত অবকাঠামোর ওপর নির্ভরতা কমে।
শুধু স্কুল ও মৌলিক সেবা নয়, পরিবারগুলোর আয় ও খাদ্যনিরাপত্তা বাড়ানোর বিষয়টিও প্রকল্পে রাখা হয়েছে। কৃষি অবকাঠামো, মাছ চাষের ব্যবস্থা এবং মুরগি পালনের সুবিধা তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো স্থানীয় পরিবারগুলোকে নিজেদের খাদ্য ও আয়ের কিছু উৎস গড়ে তুলতে সহায়তা করা।শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। নতুন স্কুলের শিক্ষার্থীদের পাঁচ বছর পর্যন্ত বিনা মূল্যে স্কুলের খাবার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচিতে মিস্টারবিস্টের বিস্ট ফিলানথ্রপির সঙ্গে দ্য রকফেলার ফাউন্ডেশন অংশীদার হিসেবে কাজ করছে। দুই প্রতিষ্ঠান জানিয়েছে, ঘানার ইস্টার্ন অঞ্চলে স্কুলের খাবারের কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি, স্কুলে উপস্থিতি ও শেখার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের শিশুশ্রম থেকে দূরে রাখার চেষ্টা করা হবে।
ঘানার কোকো উৎপাদনকারী এলাকাগুলোতে শিশুশ্রমের বিষয়টি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে আলোচিত। দারিদ্র্য, শিক্ষার সীমিত সুযোগ এবং পরিবারের অর্থনৈতিক চাপের কারণে কিছু শিশু কোকো খামারে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। মিস্টারবিস্টের প্রকল্পের মূল ধারণা হলো, শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর মৌলিক সেবা ও অর্থনৈতিক সুযোগ উন্নত করা গেলে শিশুশ্রমের ওপর নির্ভরতা কমানো সম্ভব।
মিস্টারবিস্ট তার নতুন ভিডিওতে কোকো শিল্পের সঙ্গে যুক্ত বড় চকোলেট কোম্পানিগুলোর প্রতিও জবাবদিহির আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যের মূল বিষয় ছিল, কোকো সরবরাহ ব্যবস্থায় শিশুদের শ্রমের সুযোগ বন্ধ করতে বড় কোম্পানিগুলোর আরও দায়িত্ব নেওয়া প্রয়োজন। প্রকল্পটি তার চকোলেট ব্র্যান্ড ফিস্টেবলসের কোকো সরবরাহে নৈতিক উৎস নিশ্চিত করার প্রচেষ্টার সঙ্গেও সম্পর্কিত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিস্ট ফিলানথ্রপির ঘানা কর্মসূচি অবশ্য শুধু আবনা ডাকওয়া ভিলেজেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটির নিজস্ব তথ্য অনুযায়ী, ঘানার কোকো উৎপাদনকারী আরও কয়েকটি কমিউনিটিতে শিক্ষা, পানি ও স্যানিটেশন, খাদ্যনিরাপত্তা, টেকসই আয় এবং শিশুশ্রম পর্যবেক্ষণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে, দ্য রকফেলার ফাউন্ডেশন জানিয়েছে, ঘানা ও কেনিয়ায় স্কুলভিত্তিক পুষ্টিকর খাবারের কর্মসূচি নিয়ে বিস্ট ফিলানথ্রপির সঙ্গে তাদের অংশীদারত্ব হয়েছে। ঘানায় স্থানীয় কৃষক ও বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে স্কুলের খাবারে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য ব্যবহারের পাশাপাশি কৃষকদের আয় ও কমিউনিটির স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যও রয়েছে।
মিস্টারবিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউব নির্মাতা। বিপুলসংখ্যক অনুসারীর পাশাপাশি তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্যও পরিচিত। ঘানার এই প্রকল্পকে তার সবচেয়ে বড় মানবিক উদ্যোগগুলোর একটি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। প্রায় ১০ মিলিয়ন ডলারের বিনিয়োগে তৈরি আবনা ডাকওয়া ভিলেজে শিক্ষা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ ও জীবিকার সুযোগ একসঙ্গে তৈরির মাধ্যমে কোকো চাষনির্ভর পরিবারগুলোর শিশুদের স্কুলে রাখার চেষ্টা করা হচ্ছে।