রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

রাঙামাটিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস

ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
রাঙামাটিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস

পাহাড়ি জেলা রাঙামাটিতে তীব্র এলপিজি জ্বালানি সংকটের কারণে যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ার উপক্রম হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটিতে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করা হলেও বাকি তিনটিই পুরোপুরি বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সচল থাকা একমাত্র ফিলিং স্টেশনটিতে প্রায় এক কিলোমিটার জুড়ে সিএনজি ও অটোরিকশার দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না পরিবহন চালকরা। স্টেশন থেকে প্রতি গাড়িতে সর্বোচ্চ ৩০০ টাকার গ্যাস দেওয়া হচ্ছে, যা দিয়ে দিনে অর্ধবেলাও গাড়ি চালানো সম্ভব নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা।

এতে তাদের স্বাভাবিক আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গাড়ির মালিকদের দৈনিক জমা দেওয়াও কঠিন হয়ে পড়েছে।মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. মহসিন জানান, চট্টগ্রাম থেকে সরবরাহ কমে যাওয়ায় বাধ্য হয়েই তারা গাড়িপ্রতি ৩০০ টাকার সীমিত গ্যাস বরাদ্দ দিচ্ছেন।

অন্যদিকে ভেদভেদী এলাকার মা পেট্রোলিয়ামের মালিক বিকাশ দে জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত থেকে তারা চট্টগ্রাম থেকে কোনো এলপিজি পাননি। পরিস্থিতি স্বাভাবিক হতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।দ্রুত সংকট নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবহন চালকরা।


এই বিভাগের আরো খবর