রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শাহজালাল (রহ.) মাজারের অনিয়ম বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে আশেকানে আউলিয়া বাংলাদেশের মহাসমাবেশ

মোঃ পাবেল আহমদ / ৮১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শাহজালাল (রহ.) মাজারের অনিয়ম বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে আশেকানে আউলিয়া বাংলাদেশের মহাসমাবেশ

মহাসমাবেশে সংগঠনের পক্ষ থেকে দরগাহ শরিফের সার্বিক সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে পূর্বে গঠিত ১১ সদস্যের কমিটি বাতিল করে সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি বৃহত্তর গণশুনানি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।প্রস্তাবিত গণশুনানিতে সিলেটের সম্মানিত মন্ত্রীবর্গ, সুশীল সমাজ, জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতি, সিলেটের তিনটি প্রেস ক্লাব, হযরত শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সকল রাজনৈতিক দলের জেলা ও মহানগর সভাপতি-সাধারণ সম্পাদক, ওলামা-মাশায়েখ ও আলেম সমাজের প্রতিনিধি, আন্দোলনরত সংগঠনগুলোর দুজন করে প্রতিনিধি এবং সিলেট বারের দুজন আইনজীবীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিক সোহেল তালুকদার বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ সিলেটের ঐতিহাসিক, ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় ৭০৭ বছরের ইতিহাস ও ঐতিহ্য ধারণকারী এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। দরগাহকে ঘিরে কোনো ধরনের প্রতারণা, অবিচার, অনিয়ম কিংবা অনাকাঙ্ক্ষিত কর্মকান্ডের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি দরগাহ শরিফের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, বিদেশি মেহমান ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ, নোঙরখানার সংস্কার এবং সেখানে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দরগাহের আয়-ব্যয়, প্রশাসনিক কার্যক্রম ও কর্মচারী নিয়োগসহ সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি দরগাহের সার্বিক ব্যবস্থাপনায় সংস্কার আনতে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মহাসমাবেশ থেকে নেতারা তাঁদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা। প্রয়োজনে দেশবাসীকে সম্পৃক্ত করে দরগাহের প্রধান মোতাওয়াল্লির পদত্যাগের দাবিতেও কর্মসূচি দেওয়ার কথা জানান সংগঠনের নেতারা। মহাসমাবেশে বক্তারা আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফের মর্যাদা, পবিত্রতা ও ঐতিহাসিক ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সম্মিলিত উদ্যোগ, নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা জরুরি। তাঁদের মতে, সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণশুনানির মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের পথ তৈরি করা সম্ভব।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন আশেকানে আউলিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক জামান চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিক সোহেল তালুকদার ও সুয়েব লস্কর। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা ফরমান আলী।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মাওলানা আসলাম রহমানী, আবুল কালাম হাওলাদার, নুরুল হক খান, ময়না মিয়া ও এস আলম আলমগীর। এ ছাড়া যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সুমন, মাওলানা আব্দুল হালিম, নাজিম উদ্দিন, আমন্ত্রিত অতিথি আব্দুল মতিন চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোস্তাক চৌধুরী, সৈয়দ মাজুর আলী, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম শাহিন, সহসাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও আকাব উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান বঙ্গি, প্রচার সম্পাদক সৈয়দ জনি, সহ প্রচার সম্পাদক সৈয়দ মাজুর আলী, মানবসম্পদ বিষয়ক সম্পাদক পরিমল পাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. টিপু, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ তারেক ও মাওলানা হোসাইন আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা। সম্মতি জ্ঞাপন করেন লন্ডন প্রবাসী হেলাল চৌধুরী।-বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর